
জবি প্রতিনিধি: কথা২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৯ম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটি (অ্যাথলেটিক্স, সাঁতার ও ওয়াটার পোলো)-এর আয়োজনে এবং শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন গত ২০ এপ্রিল ২০২৬-এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় সেরা অ্যাথলেট (ছাত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের লিটন সরেন। সেরা অ্যাথলেট (ছাত্রী) হিসাবে যৌথভাবে নির্বাচিত হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শারমীন আক্তারী এবং আইন বিভাগের ইসরাত জাহান। এছাড়া, সেরা বিভাগ হিসেবে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ পুরস্কৃত হয়।
ছাত্রদের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেন লিটন সরেন, ২০০ মিটারে আইন বিভাগের তারেক আজিজ, ৪০০ মিটারে অর্থনীতি বিভাগের মাহমুদুল হাছান, এবং ৮০০ মিটারে ইসলামিক স্টাডিজ বিভাগের সোলাইমান কবির। চাকতি নিক্ষেপে বাংলা বিভাগের সায়মন আহমেদ, গোলক নিক্ষেপে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের হাছান মিয়া, বর্শা নিক্ষেপে বাংলা বিভাগের হান্নান হাওলাদার, হাই জাম্পে ভূগোল ও পরিবেশ বিভাগের ফরহাদ হোসেন, লং জাম্পে আইন বিভাগের তারেক আজিজ এবং ট্রিপল জাম্পে লিটন সরেন প্রথম স্থান অর্জন করেন। রিলে দৌড়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চার শিক্ষার্থীর দলও প্রথম স্থান লাভ করে।
অন্যদিকে, ছাত্রীদের বিভাগে ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়ে শারমীন আক্তারী প্রথম স্থান অর্জন করেন। চাকতি এবং বর্শা নিক্ষেপ, ও লং জাম্পে আইন বিভাগের ইসরাত জাহান জয়া শীর্ষ স্থান লাভ করেন। গোলক নিক্ষেপে ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের তানজিলা নূর মাইশা, হাই জাম্পে গণিত বিভাগের স্মীতা জেরীন এবং ট্রিপল জাম্পে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের স্বর্ণা সাহা প্রথম হন। রিলে দৌড়ে ফিন্যান্স বিভাগের চার শিক্ষার্থীর দলও প্রথম স্থান অর্জন করে।
প্রতিযোগিতার ১০টি ইভেন্টে ছাত্র ও ছাত্রী—উভয় ক্যাটাগরিতে পৃথকভাবে প্রথম তিনজন বিজয়ীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। একইসঙ্গে সেরা অ্যাথলেট (উভয় ক্যাটাগরিতে) ও সেরা বিভাগকেও সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।
ক্রীড়া উপ-কমিটি (অ্যাথলেটিক্স, সাঁতার ও ওয়াটার পোলো)-এর আহ্বায়ক অধ্যাপক ড. বিষ্ণু পদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূর।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াখাতে বাজেট বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য ড. তারেক বিন আতিক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।